চ্যাম্পিয়নস লিগের বাঁচা-মরার লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্লে-অফ ম্যাচে দলের প্রধান গোলমেশিন কিলিয়ান এমবাপেকে পাচ্ছেন না কোচ আলভারো আরবেলোয়া। চোটের কারণে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ফরাসি তারকা।
আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের আগে ঘোষিত স্কোয়াডে এমবাপের নাম না থাকায় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চলতি মৌসুমে ৩৮ ম্যাচে ৩৩ গোল করে দলের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন তিনিই। গত ডিসেম্বর থেকে হাঁটুতে বয়ে বেড়ানো পুরোনো চোটটি আবারও ভোগাচ্ছে এই ফরোয়ার্ডকে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আরবেলোয়া এমবাপের ফিটনেস নিয়ে আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ফরাসি তারকাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঝুঁকি নিতে চায়নি ক্লাব কর্তৃপক্ষ। ফলে মাঠের লড়াইয়ের বদলে গ্যালারিতে বসেই সতীর্থদের খেলা দেখতে হবে এমবাপেকে।
আক্রমণভাগে এমবাপের অনুপস্থিতিতে এখন মূল দায়িত্ব পালন করতে হবে ভিনিসিউস জুনিয়রকে। তার সঙ্গে স্কোয়াডে রয়েছেন গঞ্জালো গার্সিয়া, ব্রাহিম দিয়াস এবং তরুণ প্রতিভাধর মাস্তানতুয়োনো।
প্রথম লেগের ম্যাচে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। ফলে ফিরতি লেগে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও, ঘরের মাঠে এমবাপেকে না পাওয়াটা বড় এক শূন্যতা তৈরি করবে। এখন দেখার বিষয়, দলের সেরা তারকাকে ছাড়াই প্লে-অফের বৈতরণী পার হতে পারেন কি না আরবেলোয়া।