নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই আসন্ন আইপিএলের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদের হাল ধরবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষান। কামিন্স পুরোপুরি ফিট হয়ে ফেরার আগ পর্যন্ত কিষানই দলটিকে নেতৃত্ব দেবেন বলে বুধবার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই সময়ে তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিষেক শর্মা।
কামিন্সের ইনজুরি ও হায়দরাবাদের পরিকল্পনা
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় পিঠের নিচের অংশে চোট পান কামিন্স। এই চোটের কারণেই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে পারেননি। কামিন্সের অনুপস্থিতি হায়দরাবাদের জন্য বড় ধাক্কা, কারণ তার নেতৃত্বেই ২০২৪ সালে ফাইনাল খেলেছিল দলটি। তবে কামিন্স ঠিক কতটি ম্যাচ মিস করবেন, তা এখনো পরিষ্কার নয়।
নেতৃত্বে ইশান কিষান
২০২৫ সালের মেগা নিলাম থেকে ইশান কিষানকে দলে ভেড়ায় হায়দরাবাদ। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে কিষানের দারুণ অবদান ছিল। গত আইপিএলে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিসহ ১৪ ম্যাচে তিনি ৩৫৪ রান করেছিলেন। নেতৃত্বেও কিষান একেবারে নতুন নন; ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ, যেখানে কিষানের অধীনেই নতুন যাত্রা শুরু করবে অরেঞ্জ আর্মিরা।