সিঙ্গাপুর কোচ গেভিন লির এখন মূল দুশ্চিন্তার নাম হামজা চৌধুরী। মাঠের লড়াইয়ে বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বোতলবন্দি করতে সম্মিলিত পরিকল্পনার ওপরই ভরসা রাখছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে মাত্র ৮ ম্যাচ খেলেই হামজা নামের পাশে যোগ করেছেন ৪ গোল। এর মধ্যে একটি ছিল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের সামর্থ্য নিয়ে কোচ গেভিন লির মনে কোনো সংশয় নেই। মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে হামজাকে থামানোর ছক কষছে স্বাগতিকরা।
গ্রুপ ‘সি’ থেকে ইতিমধ্যে মূল পর্ব নিশ্চিত করা সিঙ্গাপুর প্রথম লেগের দেখায় বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। বর্তমানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। দুই দলই চায় জয় দিয়ে মিশন শেষ করতে। তবে গেভিনের ভয়, সিঙ্গাপুরের সেই লক্ষ্য পূরণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন হামজা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গেভিন বলেন, “ছেলেরা আগামীকাল মাঠে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা পরের রাউন্ডে চলে গেলেও আমাদের লক্ষ্য হলো এই ম্যাচটিকে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগানো।”
হামজাকে নিয়ে বাড়তি প্রশংসা না করে সরাসরি তার মাঠের প্রভাবের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “হামজার সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবাই তাকে চিনে। সে অনেক উঁচু স্তরের ফুটবল খেলে এবং নিশ্চিতভাবেই কাল আমাদের জন্য বড় হুমকি হবে সে। ব্যক্তিগতভাবে না লড়ে আমরা সবাই মিলে তাকে এবং বাংলাদেশকে আটকানোর চেষ্টা করব।”
চলতি বাছাইয়ে সিঙ্গাপুর তাদের তিন জয়ের সবকটিই পেয়েছে প্রতিপক্ষের মাঠে। অন্যদিকে ঘরের মাঠে খেলা দুই ম্যাচেই তারা ড্র করেছে। পরিসংখ্যানের এই অদ্ভুত দিকটি নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না লর। তার পূর্ণ মনোযোগ এখন মাঠের লড়াইয়ে।
তিনি আরও যোগ করেন, “বাইরের পরিসংখ্যান নিয়ে ভাবলে খেলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের মূল কাজ হলো নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলা যাতে দর্শক তা উপভোগ করে। তবে বাংলাদেশ দল হিসেবে বেশ গোছানো, তারা প্রতিপক্ষ নিয়ে ভালো পড়াশোনা করে মাঠে নামে।”