ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর নিজের দলের পারফরম্যান্স নিয়ে কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাই। তার মতে, মাঠের লড়াইয়ে নিজেদের মধ্যে সেই চিরচেনা জেদ বা লড়াকু মানসিকতার চরম ঘাটতি ছিল। হাঙ্গেরির এই তারকার কাছে সিটির বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণ রীতিমতো অবিশ্বাস্য।
শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট। আর্না স্লটের অধীনে লিভারপুল শুরুটা বেশ আশাব্যঞ্জক করলেও হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে। বিরতির আগে-পরের মাত্র ২০ মিনিটের ঝড়ে চার গোল হজম করে বসে অলরেডরা। ২০২০ সালের পর এটিই লিভারপুলের সবচেয়ে বড় ব্যবধানের হার। ম্যাচে সিটির আর্লিং হলান্ডের হ্যাটট্রিক আর সেমেনিয়োর এক গোল লিভারপুলকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।
ম্যাচ শেষে হতাশা উগরে দিয়ে সোবোসলাই বলেন, “আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি, উল্টো সহজ একটা পেনাল্টি উপহার দিয়েছি। ২-০ তে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও বিরতির পরপরই তৃতীয় গোল খেয়ে সব শেষ হয়ে যায়।” তিনি আরও যোগ করেন যে, দলের মধ্যে লড়াই করার সেই মানসিকতা বা ‘ফাইটিং স্পিরিট’ যথেষ্ট ছিল না। নিজেদের পারফরম্যান্স নিয়ে খেলোয়াড়দের আরও সৎ হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
সোবোসলাইয়ের এই মন্তব্যের পর লিভারপুল কোচ আর্না স্লটের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কিছুটা ভিন্নমত পোষণ করেন। স্লট জানান, প্রথম গোল হজম করার আগ পর্যন্ত তার মনে হয়নি যে খেলোয়াড়দের মানসিকতায় কোনো ঘাটতি ছিল। তবে সোবোসলাই ঠিক কোন সময়ের কথা বুঝিয়েছেন, তা নিয়ে তার সাথে কথা বলবেন বলে জানান কোচ। সামনে বুধবার আরেকটি ম্যাচ, আর লিভারপুল যে এভাবে ছন্নছাড়া হয়ে মৌসুম শেষ করতে চায় না, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।