চিন্নাস্বামী স্টেডিয়ামে রোববার যেন ছক্কার বৃষ্টি নামালেন টিম ডেভিড আর রজত পাতিদার। তাদের দুজনের টর্নেডো ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের পাহাড় গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্রেফ ৩৬ বলে ৯৯ রানের এক বিধ্বংসী জুটি উপহার দিয়ে বেঙ্গালুরুকে পৌঁছে দিলেন ৩ উইকেটে ২৫০ রানের বিশাল সংগ্রহে। চলতি আইপিএলে এটাই প্রথম আড়াইশ ছোঁয়া স্কোর।
আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিপক্ষে এর আগে কোনো দলই আড়াইশ রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল গুজরাট টাইটান্সের করা ২৩১ রান। বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের দাপটে এদিন চেন্নাইয়ের বোলাররা বল ফেলার জায়গাই খুঁজে পাচ্ছিলেন না। স্বাগতিকদের প্রত্যেক ব্যাটসম্যানই এদিন ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে রান তুলেছেন। বিরাট কোহলি ১৮ বলে ২৮ রান করে আউট হলেও আরেক ওপেনার ফিল সল্ট করেন ৪৬ রান। তিনে নামা দেবদুত পাডিক্কাল করেন ফিফটি।
তবে আসল তাণ্ডব শুরু হয় যখন পাতিদার আর টিম ডেভিড ক্রিজে আসেন। অধিনায়ক রজত পাতিদার ১৯ বলে ৬টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে পাঁচে নামা টিম ডেভিড ২৫ বলে ৮টি ছক্কা আর ৩টি চারে ৭০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। চেন্নাইয়ের বোলারদের মধ্যে একমাত্র খলিল আহমেদ কিছুটা লড়াই করেছেন। বাকি সবাই ওভারপ্রতি ১২-র বেশি রান দিয়েছেন।
২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের ইনিংস গুটিয়ে যায় ২০৭ রানে। ৪৩ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরু। যেখানে রাজস্থান, দিল্লি আর পাঞ্জাবের সমান দুটি করে জয় থাকলেও রান রেটে এগিয়ে আছে শিরোপাধারীরা। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল চেন্নাই সুপার কিংস।