থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই লাল-সবুজদের সামনে। সহকারী কোচ আবুল হোসেন এবং ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বিশ্বাস করেন, নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে সমীকরণ মেলাতে সক্ষম হবে দল।
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও চীনের কাছে হারলেও এখনো আশা ফুরিয়ে যায়নি বাংলাদেশের। তিন গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া দলগুলোর গোল ব্যবধানে অন্য দুই প্রতিযোগী উজবেকিস্তান ও চাইনিজ তাইপের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে জিততে পারলে সেরা দুইয়ে থেকে পরের ধাপে যাওয়ার সুযোগ তৈরি হবে মারিয়া-সাগরিকাদের সামনে।
চীনের বিপক্ষে হারের পর একদিনের বিশ্রাম শেষে সোমবার পুরোদমে অনুশীলনে ফিরেছে দল। সহকারী কোচ আবুল হোসেন মেয়েদের আত্মবিশ্বাস দেখে বেশ আশাবাদী। তিনি জানান, খেলোয়াড়দের ওপর বাড়তি কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং তাদের স্বাভাবিক খেলাটা খেলতে বলা হয়েছে। কোচের ভাষায়, “মেয়েরা ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছে। তারা জানে এই ম্যাচটি জিতলে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।”
গোল করার গুরুদায়িত্ব যাদের কাঁধে, সেই ফরোয়ার্ড লাইন নিয়েও নিবিড় কাজ হয়েছে অনুশীলনে। টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের করা দুটি গোলই এসেছে সাগরিকার পা থেকে। ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি জানিয়েছেন, অনুশীলনে ফিনিশিং ড্রিল এবং গত ম্যাচের ভুলত্রুটিগুলো নিয়ে কাজ করেছেন তারা। দলের সবাই সুস্থ আছে জানিয়ে প্রীতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন ভিয়েতনামের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন।