ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে পুরনো স্মৃতি হাতড়ালেন জসুয়া কিমিখ। তবে এবার সেমিফাইনালের লড়াইয়ে ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় বেশ স্বস্তিতে আছেন বায়ার্ন মিউনিখ সহ-অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নবেউয়ে প্রথম লেগ খেলতে নামবে বায়ার্ন।
পরিসংখ্যান বলছে, ২০১১-১২ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর কোনো জয়ের দেখা পায়নি বায়ার্ন। এই দীর্ঘ সময়ে তারা মাত্র দুটি ম্যাচ ড্র করতে পেরেছে। রিয়ালের কাছে হেরেই তিনবার সেমিফাইনাল এবং একবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। গত ২০২৩-২৪ মৌসুমেও দুই দলের দেখা হয়েছিল। সেবার মিউনিখে প্রথম লেগ ২-২ ড্র হলেও ফিরতি লেগে রিয়ালের মাঠে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় বায়ার্নের।
পুরনো সেই আক্ষেপের কথা স্মরণ করে কিমিখ বলেন, “গত সেমিফাইনালের প্রথম লেগে আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল। ফিরতি লেগের দ্বিতীয়ার্ধে আমরাই ভালো খেলছিলাম এবং মনে হচ্ছিল ওরা গোল করা থেকে অনেক দূরে আছে। অথচ এরপরও ওরা মাত্র দুটি সুযোগ পেল আর দেখুন কী হয়ে গেল। আমরা এক বুক ক্ষোভ নিয়ে বাড়ি ফিরেছিলাম।”
তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন কিমিখ। তিনি জানান, অতীতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটের কারণে তারা সমস্যায় পড়লেও এবার বায়ার্ন পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে। এর পাশাপাশি ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ার বাড়তি সুবিধাও তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। কিমিখের ভাষায়, “রিয়ালের মাঠের দর্শক ও স্টেডিয়াম অবিশ্বাস্য। আমরা এখানে অনেক দারুণ ম্যাচ খেলেও শূন্য হাতে ফিরেছি। কিন্তু এবার ফিরতি লেগ আমাদের নিজেদের ঘরে। আর এটাই সব সমীকরণ কিছুটা বদলে দেবে।”
আগামী ১৫ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রিয়ালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।