ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার এখনই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ছেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রিয় ক্লাবে থেকে যেতে নিজের বেতন কমাতেও দ্বিধা করেননি এই তারকা ফুটবলার।
৩৩ বছর বয়সী ম্যাগুইয়ারের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। এই চুক্তির ফলে ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। এছাড়া চুক্তিতে পারস্পরিক সম্মতিতে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
চলতি মৌসুম শেষেই ইউনাইটেডের সঙ্গে ম্যাগুইয়ারের পুরনো চুক্তির মেয়াদ ফুরিয়ে যেত। নতুন এই সিদ্ধান্তের ফলে ওল্ড ট্র্যাফোর্ডে তার অধ্যায় আরও দীর্ঘ হলো। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে তৎকালীন বিশ্ব রেকর্ড গড়ে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে ২৬৬টি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন লিগ কাপ ও এফএ কাপের শিরোপা।
ক্লাবের সাবেক এই অধিনায়ক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের। এই দায়িত্ব আমাকে ও আমার পরিবারকে প্রতিদিন গর্বিত করে। এই অসাধারণ ক্লাবে নিজের ক্যারিয়ারকে অন্তত আটটি মৌসুম পর্যন্ত টেনে নিতে পেরে আমি সত্যিই অনেক খুশি। আমাদের সমর্থকদের সামনে আরও কিছু দারুণ মুহূর্ত উপহার দিতে চাই।”