BN

কাজ দিয়েই ক্রিকেটের হারানো গৌরব ফেরাতে চান তামিম ইকবাল

কাজ দিয়েই ক্রিকেটের হারানো গৌরব ফেরাতে চান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন নতুন বিসিবি প্রধান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন নতুন বিসিবি প্রধান তামিম ইকবাল। কেবল মুখের কথায় নয়, বরং দৃশ্যমান কাজ দিয়েই দেশের ক্রিকেটের ভোল বদলে দিতে চান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই তামিম স্পষ্ট করলেন তার লক্ষ্য—সবার আগে ক্রিকেটের ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।

মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণার পর সন্ধ্যার আগেই বিসিবি কার্যালয়ে উপস্থিত হন তামিম। এসেই বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব ও সংক্ষিপ্ত বৈঠক সেরে নেন। এরপর ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে নিয়ে বসেন প্রথম বোর্ড সভায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম জানান, গত দেড় বছরে দেশের ক্রিকেটের যে সম্মানহানি হয়েছে, তা ফিরিয়ে আনাই তার প্রথম চ্যালেঞ্জ।

তিনি বলেন, “দায়িত্ব পাওয়ার পর অনেকেই বড় বড় উন্নয়নের কথা বলেন। কিন্তু আমার আর আমার টিমের প্রথম কাজ হবে বিসিবির হারানো ইমেজ ঠিক করা। গত এক-দেড় বছরে ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা আমাদের জন্য সবচেয়ে জরুরি।”

তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নিয়ে তামিম বলেন, “আমাদেরকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আনা হয়েছে—তিন মাসের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আমরা এই কাজটা যতটা সততা ও দ্রুততার সঙ্গে করা সম্ভব, সেটাই করব। পাশাপাশি বোর্ডের দৈনন্দিন কাজ এবং সামনে থাকা বিশ্বকাপ ইস্যু নিয়ে যা যা করা দরকার, সবই নিয়মমাফিক চলবে।”

দেশের সফলতম এই ওপেনার বিসিবির কর্মীদের হারানো গর্ব ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে বলেন, “ক্রিকেট সবসময় আমাদের গর্বের জায়গা। আগে যারা এখানে চাকরি করতেন, তারা গর্ব করে বলতেন যে আমি বিসিবিতে আছি। কিন্তু গত কিছুদিনের কর্মকাণ্ডে সেই গর্বের জায়গাটা ম্লান হয়ে গেছে। আমাদের ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাইকে প্রাপ্য সম্মান দিতে হবে। কোনো শোরগোল করার জন্য নয়, আমরা সত্যিকার অর্থে ভালোর জন্য পরিবর্তন আনতে চাই। আমাদেরও ভুল হতে পারে, তবে সেই ভুল থেকে শিখেই আমরা এগিয়ে যাব।”

বোর্ড প্রধান আরও জানান, অ্যাডহক কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বোর্ডের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি নিয়মিত সংবাদমাধ্যমকে বোর্ডের সিদ্ধান্তগুলো জানাবেন। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় এই কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক

বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন

ক্রিকেট

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি

ক্রিকেট

বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের ভবিষ্যৎ

ফুটবল

ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার এখনই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ছেন না।

ফুটবল

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে শেষ হাসি