এশিয়া কাপের দারুণ সাফল্যের পর এবার আফ্রিকাতেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর তোড়জোড় চলছে। আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) তাদের নিজস্ব কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ‘আফ্রিকা টি-টোয়েন্টি কাপ’ নামের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে।
গত বছর জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নির্বাচিত করার পর থেকে সংস্থাটি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। মূলত বাণিজ্যিকভাবে লাভজনক একটি আসর আয়োজনের মাধ্যমে মহাদেশের ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করতে চায় তারা। তবে সব কিছু ঠিক থাকলেও ২০২৭ সালের আগে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।
বর্তমানে টুর্নামেন্টের জন্য উপযুক্ত একটি সময় এবং দলগুলোর যোগ্যতা অর্জনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। এক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। মহাদেশের সবচেয়ে শক্তিশালী ও ব্যস্ত দলটির অংশগ্রহণ ছাড়া এই টুর্নামেন্ট বাণিজ্যিক পূর্ণতা পাওয়া কঠিন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নীতিগতভাবে এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দেখালেও তারা প্রথম সারির দল পাঠাতে পারবে কি না, তা নির্ভর করছে তাদের ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) ওপর। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সূচি ঠাসা, আর নতুন এফটিপি চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে।
এদিকে, এই প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে জিম্বাবুয়ের নবনির্মিত মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করা হচ্ছে। যেখানে স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার থাকার কথা রয়েছে। আগামী আগস্টে হতে যাওয়া এই সিরিজটি ওয়ানডে সংস্করণেও হতে পারে, যা আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে। এই সিরিজ থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ এসিএকে দেওয়া হবে, যা মহাদেশীয় কাপ আয়োজনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জ্বালানি হিসেবে কাজ করবে।
উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকা সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক জোরদারে বেশ সচেষ্ট। দীর্ঘ ১১ বছর পর গত বছর তারা জিম্বাবুয়েতে টেস্ট খেলেছে এবং নামিবিয়ার নতুন মাঠেও দল পাঠিয়েছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। যদিও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে, তবে সহযোগী দেশ হিসেবে নামিবিয়াকে এখনো বাছাইপর্বের বৈতরণী পার হতে হবে।