ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন ব্রাজিলের ২১ বছর বয়সী অলরাউন্ডার লরা কারদোসো। বতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে একাই ৯ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পুরুষ বা নারী—কোনো বিভাগেই এর আগে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কোনো রেকর্ড ছিল না।
কারদোসো ভেঙে দিয়েছেন ভুটানের পুরুষ ক্রিকেটার সোনম ইয়েশের রেকর্ড। গত বছর মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন সোনম। নারীদের ক্রিকেটে আগের সেরা বোলিং ফিগার ছিল ইন্দোনেশিয়ার অফস্পিনার রোমালিয়ার দখলে যিনি ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন।
লরা কারদোসোর এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করে ব্রাজিল লেসোথোকে ১৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রাজিলের তৃতীয় বৃহত্তম জয়।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২০২ রানের পাহাড় গড়েছিল ব্রাজিল। অবাক করার বিষয় হলো ব্যাটিং করার সময় লরা কারদোসো মাত্র ৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তখন হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে বল হাতে কী ম্যাজিক দেখাতে চলেছেন তিনি।
২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লরার তোপের মুখে দিশেহারা হয়ে পড়ে লেসোথো। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কারদোসো। এখানেই থেমে থাকেননি তিনি। চতুর্থ ওভারে এসে পাঁচ বলের ব্যবধানে তুলে নেন আরও ৪ উইকেট। এরপর ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-২-৪-৯। অর্থাৎ ৩ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ৪ রান খরচায় তিনি শিকার করেন ৯টি উইকেট।
লেসোথো যখন ১৩ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল তখন লরার সামনে সুযোগ ছিল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একাই ১০ উইকেট নেওয়ার। কিন্তু পরের ওভার করতে আসা মারিয়ান আরতুর শেষ ব্যাটারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললে সেই সুযোগ হাতছাড়া হয়। ১৩ রানেই অলআউট হয়ে যায় লেসোথো যা নারীদের টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এই জয়ের ফলে টুর্নামেন্টে খেলা পাঁচটি ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অপরাজিত ব্রাজিল।