পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় বড় শাস্তির মুখে পড়লেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে তাকে আগামী দুই বছরের জন্য এই টুর্নামেন্টে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পিসিবি এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে।
২৯ বছর বয়সী মুজারাবানিকে শুরুতে আইপিএল বা পিএসএলের নিলামে কোনো দল না নিলেও পরে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের বিকল্প হিসেবে তাকে সরাসরি চুক্তিবদ্ধ করেছিল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু গত মাসে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক আসতেই পাকিস্তানের লিগ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। গত ১৩ মার্চ মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার দুই মাস পর মুজারাবানির সঙ্গে চুক্তি করে কেকেআর।
মুজারাবানির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি তখনই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। মুজারাবানির আগে দক্ষিণ আফ্রিকান পেসার কর্বিন বশকেও একইভাবে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। তবে মুজারাবানির সাথে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন এবং শ্রীলঙ্কার দাসুন শানাকাও আইপিএলে যোগ দিতে পিএসএল ছেড়েছিলেন, যদিও তাদের ব্যাপারে পিসিবি এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।
গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি মুজারাবানি। তবে এবার কলকাতার জার্সিতে তার আইপিএল অভিষেক হয়েছে। এরই মধ্যে তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অভিষেক ম্যাচে উইকেট না পেলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই লিকলিকে গতির তারকা। যদিও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কেকেআরের সর্বশেষ ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।