ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা এক মারাত্মক ভুল করে বসলেন। সেই ভুলের সুযোগে ম্যাচে ফেরার আনন্দ পেলেও তা দুই মিনিটের বেশি স্থায়ী হলো না আর্সেনালের জন্য। শেষ পর্যন্ত কোচের আস্থার প্রতিদান দিয়ে গানারদের হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বড় এক ধাপ এগিয়ে গেল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।
রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে সিটি। হায়ান শেহকির গোলে সিটি এগিয়ে যাওয়ার পর দোন্নারুম্মার ভুলে সমতা ফিরিয়েছিলেন কাই হাভার্টজ। তবে দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের জয়সূচক গোলটি আর শোধ করতে পারেনি সফরকারীরা। টানা দ্বিতীয় পরাজয়ে গত দুই দশকের বেশি সময়ের শিরোপা খরা কাটানোর স্বপ্নে বড় এক ধাক্কা খেল মিকেল আর্তেতার দল।
পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণ—উভয় ক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছে সিটি। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে তারা ১৫টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনাল ৯টি শটের ৩টি লক্ষ্যে রাখতে পেরেছিল। এই হারে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখনও শীর্ষে থাকলেও, এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট এখন ৬৭। অর্থাৎ শিরোপার লাগাম এখন অনেকটা সিটির হাতেই।
ম্যাচের শুরুতেই বড় বিপদে পড়তে পারতো আর্সেনাল, তবে গোলরক্ষক দাভিদ রায়ার ভুল থেকে বেঁচে যায় তারা। ম্যাচের ১৬তম মিনিটে ফরাসি উইঙ্গার হায়ান শেহকির দুর্দান্ত এক গোলে লিড নেয় সিটি। মাথেউস নুনেসের পাস থেকে ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেহকির ১০ম গোল।
তবে সিটির এই আনন্দ বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পরেই দোন্নারুম্মার অমার্জনীয় ভুলে গোল হজম করে তারা। সতীর্থের ব্যাকপাস পেয়ে বিপদমুক্ত করতে দেরি করে ফেলেন এই ইতালিয়ান গোলরক্ষক। দ্রুত ছুটে আসা কাই হাভার্টজের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও সিটি তাদের আক্রমণের ধার বজায় রাখে। ম্যাচের ৬০ ও ৬১ মিনিটে আর্সেনাল দুটি সুবর্ণ সুযোগ পেলেও দোন্নারুম্মার সেভ এবং গোলপোস্টের বাধায় গোল পায়নি তারা। সেই আক্ষেপ আরও বাড়ে এর চার মিনিট পর, যখন ডি-বক্সে গাব্রিয়েলের বাধা সামলে বাঁ পায়ের নিখুঁত শটে সিটিকে পুনরায় এগিয়ে নেন আর্লিং হলান্ড। চার ম্যাচ পর জালের দেখা পাওয়া এই নরওয়েজীয় তারকার লিগে গোল সংখ্যা এখন ২৩।
ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালিয়েছিল আর্সেনাল। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে হাভার্টজের হেড ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্তেতার শিষ্যদের। গত তিন মৌসুমের মতো এবারও লিগের শেষ ভাগে এসে খেই হারিয়ে ফেলার শঙ্কায় পড়েছে গানাররা। গত মাসে লিগ কাপের ফাইনালেও এই সিটির কাছে হেরেছিল তারা, এবার লিগ শিরোপার দৌড়েও বড় বাধার সম্মুখীন হলো লন্ডনের ক্লাবটি।