চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো দগদগে। তবে সেই হতাশা ভুলে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিল লিভারপুল। চিরপ্রতিদ্বন্দ্বী এভারটনের মাঠ থেকে তারা পয়েন্ট ছিনিয়ে ফিরল ডাচ সেনসেশন ভার্জিল ফন ডাইকের শেষ মুহূর্তের নাটকীয় গোলে।
রোববার মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্না স্লটের শিষ্যরা। প্রথমার্ধে মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নিলেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছিলেন বেতো। তবে ম্যাচের যোগ করা সময়ের দশম মিনিটে দুর্দান্ত এক হেডে ব্যবধান গড়ে দেন লিভারপুল অধিনায়ক ফন ডাইক।
লিগে এটি অলরেডদের টানা দ্বিতীয় জয়। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এভারটন পড়ে আছে ১০ নম্বরে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ডার্বি। ষষ্ঠ মিনিটে এভারটনের বেতোর হেড অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন লিভারপুল গোলরক্ষক মামারদাশভিলি। ২৭ মিনিটে ইলিমান এনজাই লিভারপুলের জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এই ধাক্কার রেশ কাটতে না কাটতেই ২৯ মিনিটে লিড নেয় লিভারপুল। এভারটন ডিফেন্ডার ম্যাকনিলের মারাত্মক ভুলে বল পেয়ে যান ফ্লোরিয়ান ভিয়েৎস। তাঁর বাড়ানো পাস থেকে সালাহ অনায়াস ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া এভারটন শুরুতেই সাফল্য পায়। কিয়েরনান ডিউসবুরি-হলের নিখুঁত ক্রসে দারুণ এক স্লাইডে বল জালে জড়ান বেতো। সমতায় ফেরার পর এভারটন বেশ কিছু আক্রমণ চালালেও লিভারপুলের রক্ষণ ভাঙতে পারছিল না। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় যোগ করা সময়ে।
ম্যাচের একদম শেষ মুহূর্তে দমিনিক সোবোসলাইয়ের কর্নার থেকে উঁচুতে লাফিয়ে উঠে বুলেট গতির এক হেডে গোল করেন ফন ডাইক। এভারটন গোলরক্ষক পিকফোর্ডের কিছুই করার ছিল না। এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অ্যানফিল্ডের দলটি।