ইন্দোনেশিয়ার জাকার্তায় এক নতুন রূপকথার জন্ম দিলেন বাংলাদেশের মেয়েরা। প্রথমবার এশিয়ান গেমসের বাছাইপর্বে খেলতে নেমেই বাজিমাত করলেন কণা-সারিকারা। হংকংয়ের বাধা টপকে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই লক্ষ্য পূরণ হতো বাংলাদেশের। কিন্তু ড্র নয়, বরং ২-১ গোলের দারুণ এক জয় দিয়েই নিজেদের প্রাপ্তির খাতা পূর্ণ করল কোচ গোপীনাথনের শিষ্যরা। এই টুর্নামেন্টেই প্রথম আন্তর্জাতিক ড্র আর প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ; এবার সরাসরি মূল আসরে জায়গা করে নিয়ে সেই সাফল্যকে নিয়ে গেল অনন্য উচ্চতায়।
শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গোল হজম করে স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ। ডান দিক থেকে আসা এক আড়াআড়ি ক্রসে নিখুঁত হিটে গোল করে হংকং-কে এগিয়ে নেন ল কা মুন মেলিসা। তবে সেই ধাক্কা সামলে উঠতে খুব বেশি সময় নেয়নি মেয়েরা। দশম মিনিটেই এমা নাদিরার ঠান্ডা মাথার ফিনিশিংয়ে সমতায় ফেরে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই সমানে সমান লড়াই করলেও গোলের দেখা মেলেনি। তবে তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময়ে কণা আক্তারের চমৎকার এক ফিল্ড গোল লিড এনে দেয় বাংলাদেশকে। শেষ কোয়ার্টারে হংকং মরিয়া হয়ে আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটুট। শেষের বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় এশিয়ান গেমসে খেলার স্বপ্ন পূরণ।
তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী বাছাইপর্বের দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ পাবে। সেই সমীকরণ বাংলাদেশ মিলিয়ে নিল অপরাজিত থেকেই।