বয়সভিত্তিক ক্রিকেট থেকেই হাসান মুরাদকে ভাবা হচ্ছে ভবিষ্যতের টেস্ট বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিয়ে গত নভেম্বরে সাদা পোশাকে অভিষেকও হয়েছে তাঁর। অভিষেক সিরিজে ১২ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু ভাগ্যের পরিহাস, পরের সিরিজেই স্কোয়াড থেকে বাদ পড়তে হলো তাঁকে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার তাঁর প্রতি সহানুভূতি জানিয়ে বললেন, পারফরম্যান্স নয় বরং কৌশলগত কারণেই মুরাদকে বাইরে রাখতে হয়েছে।
চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ডামাডোলের মধ্যেই চলছিল টেস্ট দল নিয়ে কাটাছেঁড়া। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তানজিদ হাসান ও অমিত হাসানের ডাক পাওয়া যতটা না আলোচিত, তার চেয়ে বেশি বিস্ময় জাগিয়েছে মুরাদের বাদ পড়া। তাঁর জায়গায় অফ স্পিনার নাঈম হাসানকে ফেরানোর ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, এটি পুরোপুরি একটি ‘ট্যাকটিক্যাল’ বা কৌশলগত সিদ্ধান্ত।
হাবিবুল বাশারের মতে, “পাকিস্তান দলের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্য দেখেই আমরা মুরাদের বদলে নাঈম হাসানকে বেছে নিয়েছি। নাঈম নিজেও যখন আগে বাদ পড়েছিল, সেটা ফর্মের কারণে নয় বরং কৌশলের কারণেই ছিল। মুরাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
টেস্ট দলের পেস বিভাগেও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ দেড় বছর পর ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ। তবে ইনজুরি কাটিয়ে ফেরা ইবাদত হোসেনের ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। এই সিদ্ধান্তের পেছনেও ছিল কৌশলী ভাবনা। হাবিবুল জানান, খালেদ লাইন-লেংথ বজায় রাখতে পারলেও ইবাদত অনেক বেশি আগ্রাসী এবং উইকেট শিকারি বোলার, যা টেস্ট ক্রিকেটে বেশি প্রয়োজন।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টেস্ট থেকে দূরে থাকা তাসকিনকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, “তাসকিন এখন পুরোপুরি ফিট এবং তিন সংস্করণেই খেলার জন্য আগ্রহী। আমরা তাঁকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব যাতে তাঁর ওপর চাপ বেশি না পড়ে। সে টেস্ট খেলার জন্য মুখিয়ে আছে, এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে চেয়েছিল। কিন্তু আমাদের টেস্ট পরিকল্পনায় থাকায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।”
দলে জায়গা হারানো জাকের আলি, সৈয়দ খালেদ ও হাসান মুরাদের সঙ্গে প্রধান নির্বাচক ও অধিনায়ক কথা বলে বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন। ইনজুরির কারণে হাসান মাহমুদকে এই সিরিজে বিবেচনা করা হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি।