প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারাটাই যেন জর্ডানের কাছে রূপকথার মতো। আর সেখানে যদি প্রতিপক্ষ হিসেবে থাকেন লিওনেল মেসির মতো মহাতারকা, তবে তো প্রত্যাশার পারদ আকাশ ছোঁয়াই স্বাভাবিক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচ নিয়ে কেবল রোমাঞ্চে ভেসে যাচ্ছে না জর্ডান, বরং কোচ জামাল সেল্লামি জানিয়েছেন, নকআউট পর্বে যাওয়ার সমীকরণ মেলাতেই এই ম্যাচকে পাখির চোখ করছেন তারা।
দশবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে জর্ডান। ২০২৩ এশিয়ান কাপের রানার্স-আপ দলটি গ্রুপ ‘জে’-তে লড়বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে।
ফিফার সঙ্গে এক সাক্ষাৎকারে জর্ডানের কোচ বিশ্বকাপে দলের লক্ষ্য নিয়ে কথা বলেন। সেখানে স্বাভাবিকভাবেই আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন মেসি। সেল্লামি বলেন:
“আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটি হবে আমাদের তৃতীয় ম্যাচ। আমরা সবাই চাই মেসি যেন ওই ম্যাচে মাঠে থাকে। কারণ বর্তমানে যেসব খবর আসছে, তাতে তার থাকা নিয়ে নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। ফুটবল আইকন হিসেবে তার উপস্থিতি ম্যাচটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমি আশা করি, এই ম্যাচের মাধ্যমেই আমরা বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করতে পারব।”
মেসির বিপক্ষে খেলাকে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে দেখছেন জর্ডান কোচ। তার মতে, এটি খেলোয়াড়দের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। তবে আর্জেন্টিনার আগে অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ধাপে ধাপে এগোতে চান তিনি। অবশ্য মেসির কথা মাথায় রেখে যে বিশেষ পরিকল্পনার প্রয়োজন হবে, সেটিও অকপটে স্বীকার করেছেন সেল্লামি।
আগামী ২৮ জুন ঐতিহাসিক এই ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান।