অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা মনে করছেন, ক্রিকেটে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি আবার হতে যাচ্ছে। তার মতে, এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্টে ইংল্যান্ডের ছন্দ এখনো সেভাবে খুঁজে পাওয়া যায়নি, আর ভারতও বেশ কিছু ম্যাচে কিছুটা নড়বড়ে ছিল। তবুও এই দুই শক্তিশালী দল সেমি-ফাইনালে পৌঁছে গেছে। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। তবে ম্যাকগ্রার বাজি ভারতের দিকেই। অন্যদিকে, বুধবার কলকাতার প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকেই সম্ভাব্য বিজয়ী দেখছেন তিনি।
২০২৪ সালের বিশ্বকাপের ফাইনালে ব্রিজটাউনে প্রোটিয়াদের হৃদয় ভেঙে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাকগ্রার ভবিষ্যদ্বাণী মিলে গেলে আগামী রোববার আহমেদাবাদের ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো এই দুই দলকে লড়তে দেখা যাবে।
ইংল্যান্ডকে বিপজ্জনক দল হিসেবে মানলেও ম্যাকগ্রা মনে করেন, তারা এবার বেশ ভাগ্যের সহায়তা পেয়েছে। নেপাল কিংবা ইতালির বিপক্ষে ম্যাচগুলোতে ইংলিশরা হারের শঙ্কায় ছিল। অন্যদিকে, ভারত গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছিল। তবে এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার দল।
চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে ম্যাকগ্রা বলেন,
“ইংল্যান্ড নিজেদের দিনে যেকোনো কিছু করতে পারে, তবে টুর্নামেন্ট জুড়ে ভারতের পারফরম্যান্স বিচারে তাদেরই ফাইনালে যাওয়া উচিত। আমি ফাইনালের জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই বেছে নেব।”
বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমি-ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে তিনি জানান, প্রোটিয়াদের ব্যাটিং ও বোলিং আক্রমণ এখন বেশ ভারসাম্যপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সাম্প্রতিক দাপট দেখেও তিনি অবাক।
ভারতের বোলিং নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে জাসপ্রিত বুমরাহকে ‘বড় ম্যাচের নায়ক’ হিসেবে আখ্যা দেন ম্যাকগ্রা। আর্শদীপ সিং ছন্দে থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে বুমরাহর ওপরই তার অগাধ আস্থা। তিনি মনে করেন, বড় মঞ্চে জ্বলে ওঠাই বুমরাহর বিশেষত্ব।