BN

১৮ ইনিংসে নেই ফিফটি আর লিটনের ব্যাটে রান যেন সোনার হরিণ

১৮ ইনিংসে নেই ফিফটি আর লিটনের ব্যাটে রান যেন সোনার হরিণ

মিরপুরে ফ্লাইট আর ড্র্রিফটে পরাস্ত হয়ে লিটন কুমার দাস যখন বোল্ড হলেন,

মিরপুরে ফ্লাইট আর ড্র্রিফটে পরাস্ত হয়ে লিটন কুমার দাস যখন বোল্ড হলেন, তখন ক্রিজে তাঁর থমকে দাঁড়ানোর দৃশ্যটিই যেন বর্তমানে বাংলাদেশের ব্যাটিংয়ের এক বিষাদময় প্রতীক। লিটন, আফিফ কিংবা নাজমুল হোসেন শান্ত—সবার গল্পটা যেন একই বিন্দুতে এসে মিলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটনের ৪৬ রানের ইনিংসটি আদতে ব্যর্থতার ভিড়ে ‘মন্দের ভালো’ মনে হলেও, পরিসংখ্যানের পাতায় এটি এক ভয়াবহ চিত্র তুলে ধরে।

বিস্ময়কর হলেও সত্যি, এই ৪৬ রানই গত ১৮ ইনিংসে লিটনের সর্বোচ্চ স্কোর! ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ করার পর ওয়ানডেতে আর ফিফটির দেখা পাননি তিনি। এই দীর্ঘ খরায় ১৮ ইনিংসে তাঁর গড় মোটে ১৮.৪৩। টানা ৯ ইনিংসে তো দুই অঙ্কই ছুঁতে পারেননি। ১১ বছরের ক্যারিয়ার আর শতরান ছুঁইছুঁই অভিজ্ঞতার পরও লিটনের এমন অধারাবাহিকতা দেশের ক্রিকেটের এক রূঢ় বাস্তবতাকে সামনে নিয়ে আসে।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসা আফিফ হোসেন যেন বাংলাদেশের ইনিংসকে পুরোপুরি স্থবির করে দিলেন। তাওহিদ হৃদয়ের সঙ্গে তাঁর জুটির সময় টানা ১১ ওভার কোনো বাউন্ডারি আসেনি। প্রায় এক ঘণ্টা ক্রিজে কাটিয়ে ৪৯ বলে ২৭ রান করার পথে আফিফের ব্যাটিংয়ে কোনো তাড়া বা জেদ লক্ষ্য করা যায়নি। অথচ রান তোলার চাপ খুব একটা ছিল না, লক্ষ্যটাও ছিল না পাহাড়সম। ওয়ানডেতে টানা ১৭ ইনিংস ফিফটিহীন আফিফ ২০২২ সালের পর আর ৪০ রানের গণ্ডিও পেরোতে পারেননি।

ব্যর্থতার এই মিছিলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্তও। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবশেষ ফিফটি (৭৭) পেয়েছিলেন তিনি। এরপর টানা ১৩ ইনিংস পার হয়ে গেলেও পঞ্চাশের দেখা নেই। তিন বা চারের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করে এই সময়ে তাঁর গড় মাত্র ১৪.৯২।

দলের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে তিনজনেরই যদি এমন নাজুক দশা হয়, তবে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে। তাওহিদ হৃদয় ধারাবাহিকতা দেখালেও তাঁর সমস্যা অন্য জায়গায়—তিনি থিতু হয়েও ইনিংস বড় করতে পারছেন না। গত ১১ ইনিংসে ৫টি ফিফটি করলেও একবারও ৬০ রানের কোটা পার হতে পারেননি তিনি। অন্যদিকে, তানজিদ হাসান বড় ইনিংস খেললেও তাঁর ব্যাটে নেই কোনো ধারাবাহিকতা।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজও লোয়ার-মিডল অর্ডারে নেমে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সবশেষ ১২ ইনিংসে তাঁর ফিফটি মাত্র একটি। স্কোয়াডে সৌম্য সরকার বা মাহিদুল ইসলাম অঙ্কনের মতো বিকল্প থাকলেও টিম ম্যানেজমেন্ট আপাতত পুরোনোদের ওপরই আস্থা রাখতে চাইছে।

নতুন নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার অবশ্য এখনই কোনো কঠোর সিদ্ধান্তে যেতে নারাজ। তিনি বলেন, “সিরিজের মাঝপথে মন্তব্য করা ঠিক হবে না। আমরা আপাতত অতীতে তাকাচ্ছি না, যাদের ওপর আস্থা রেখেছি তাদের পর্যাপ্ত সময় দিতে চাই।”

তবে প্রশ্ন থেকেই যায়—বিশ্ব ক্রিকেট যখন ওয়ানডে ফরম্যাটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তখন এমন ‘ধৈর্য’ আর ‘প্রতীক্ষা’ দিয়ে বাংলাদেশ কতদূর যেতে পারবে?

সর্বশেষ সংবাদ

ববি টমাসের হেডটি যখন জালে আশ্রয় নিল, গ্যালারির এক

দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের ডাগআউটে ফেরার পর এবার আর

মিরপুরে ফ্লাইট আর ড্র্রিফটে পরাস্ত হয়ে লিটন কুমার দাস

ফুটবল

ববি টমাসের হেডটি যখন জালে আশ্রয় নিল, গ্যালারির এক প্রান্তে

ফুটবল

দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের ডাগআউটে ফেরার পর এবার আর থিতু

ক্রিকেট

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সরফরাজ আহমেদ।

ফুটবল

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে মোইসেস কাইসেদোর অধ্যায় আরও দীর্ঘ হচ্ছে। ২০৩৩