পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের ঠিক আগে এক বড় সিদ্ধান্ত নিল বিসিবি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে খেলার জন্য ফাস্ট বোলার নাহিদ রানাকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। এই অনুমতির জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পেশাওয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি।
নাহিদ রানা এবারের পিএসএলে পেশাওয়ারের হয়ে ৪টি ম্যাচ খেলেছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে তিনি দেশে ফেরেন। শুরুতে বিসিবির পরিকল্পনা ছিল, ৮ মে থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের আগে নাহিদকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। সে কারণে তাঁকে আর পাকিস্তানে পাঠানোর কথা ছিল না।
তবে বুধবার দুপুরে জাভেদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “পিএসএল ফাইনাল ম্যাচে পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।”
পরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের পেছনে যুক্তি ব্যাখ্যা করে। বোর্ড জানায়, পিএসএলের মতো বড় একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার অভিজ্ঞতা নাহিদের ক্যারিয়ারের বিকাশে সহায়ক হবে। এছাড়া বিসিবির মেডিকেল বিভাগ ও টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, এই একটি ম্যাচ খেললে তাঁর ফিটনেস বা জাতীয় দলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কোনো বিরূপ প্রভাব পড়বে না।
মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, কিউইদের বিপক্ষে সিরিজ শেষে নাহিদ রানার যে ৬ দিনের বিশ্রামের প্রয়োজন ছিল, তা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। আগামী রোববার পিএসএল ফাইনাল। সেদিন অনুশীলনে নাহিদের ৬-৭ ওভার বোলিং করার কথা ছিল, যা তিনি পিএসএল ফাইনালে ৪ ওভার বোলিংয়ের মাধ্যমেই পূরণ করতে পারবেন। ফাইনাল শেষ করে পরদিন সকালেই তিনি দেশে ফিরবেন। সেদিন দলের কোনো অনুশীলন না থাকায় তিনি পর্যাপ্ত বিশ্রামও পাবেন।
পিএসএলের শুরুটা আশানুরূপ না হলেও পরের ৩ ম্যাচে দুর্দান্ত গতি আর বাউন্স দিয়ে ৭ উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী এই পেসার। পাকিস্তানের ক্রিকেট মহলে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন তিনি। গত মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশাওয়ার জালমি, যেখানে বল হাতে আবার গতির ঝড় তুলতে দেখা যাবে নাহিদকে।