আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন নেন্সি প্যাটেল, ইজি শার্প, ব্রি ইলিং, ফ্লোরা ডেভনশায়ার এবং পলি ইনগ্লিস।
তবে নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য এই বিশ্বকাপ যতটা না নতুনদের বরণের, তার চেয়েও বেশি অভিজ্ঞদের বিদায়ের। সুজি বেটসের পর এবার সোফি ডিভাইন এবং লি তাহুহু-ও নিশ্চিত করেছেন যে, এই টুর্নামেন্টের পরেই তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ৩৯ ছুঁইছুঁই বেটস আগেই তাঁর ‘শেষ মিশনের’ কথা জানিয়েছিলেন। বুধবার স্কোয়াড ঘোষণার সময় ৩৬ বছর বয়সী ডিভাইন এবং ৩৫ বছর বয়সী তাহুহু-র অবসরের বিষয়টি সামনে আসে। কিউই ক্রিকেটে এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে এই তিন তারকার বিদায়ের মাধ্যমে।
অ্যামেলিয়া কারের নেতৃত্বে এই দলে দশজন খেলোয়াড় আছেন যারা দুই বছর আগে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের আগমনে দলে ভারসাম্য আনার চেষ্টা করেছেন কোচ বেন সয়্যার। বাঁহাতি পেসার ব্রি ইলিং, উইকেটরক্ষক-ব্যাটার পলি ইনগ্লিস এবং বাঁহাতি স্পিনার ফ্লোরা ডেভনশায়ার গত বছরের ওয়ানডে বিশ্বকাপে খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পেতে যাচ্ছেন এবারই প্রথম।
অন্যদিকে, অফস্পিন অলরাউন্ডার নেন্সি প্যাটেল চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিষেকের পর ৪ ম্যাচে ৩.৫৬ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। উইকেটরক্ষক-ব্যাটার ইজি শার্প ২০২৫ সালে অভিষেকের পর ১১টি টি-টোয়েন্টি খেলে দলে নিজের অবস্থান শক্ত করেছেন।
নিউজিল্যান্ডের হেড কোচ বেন সয়্যার এক বিবৃতিতে বলেন, “বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের। তবে বিশ্বকাপ মানেই অন্যরকম গুরুত্ব। ইজি ও নেন্সির জন্য এটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে। অন্যদিকে আমাদের তিন সিনিয়র খেলোয়াড় একই টুর্নামেন্টে ক্যারিয়ার শেষ করছেন, যা বিরল ও আবেগপূর্ণ একটি বিষয়।”
বিশ্বকাপ শুরুর আগে মে মাসের শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। বিশ্বকাপে নিউজিল্যান্ড রয়েছে ‘গ্রুপ ২’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ১৪ জুন হ্যাম্পশায়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা রক্ষার লড়াই।
নিউজিল্যান্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
অ্যামেলিয়া কার (অধিনায়ক), সুজি বেটস, সোফি ডিভাইন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ (উইকেটরক্ষক), ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইনগ্লিস (উইকেটরক্ষক), জেস কার, রোজমেরি মেয়ার, নেন্সি প্যাটেল, জর্জিয়া প্লিমার, ইজি শার্প (উইকেটরক্ষক) এবং লি তাহুহু।