সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা করতে পারল না নিগার সুলতানার দল। দেড়শোর্ধ্ব লক্ষ্য তাড়ায় শুরুটা আশা জাগানিয়া হলেও, মাঝপথে মন্থর ব্যাটিং আর লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো টাইগ্রেসদের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা।
সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছে সফরকারীরা। শ্রীলঙ্কার দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থামে ১৩৩ রানে। সিরিজের প্রথম ম্যাচেও ২৫ রানে হেরেছিল স্বাগতিকরা। আগামী শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে পঞ্চম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ফারিহা তৃষ্ণার বলে লঙ্কান ওপেনার হাসিনি পেরেরাকে সাজঘরে ফেরান অধিনায়ক নিগার। তবে সেই চাপ বেশিক্ষণ ধরে রাখা যায়নি। অধিনায়ক চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানি ৪৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। আতাপাত্তু করেন ৪২ রান। এরপর হার্শিথা সামারাউইক্রামার লড়াকু ৪৯ রানের ইনিংসে ভর করে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লঙ্কান মেয়েরা। বাংলাদেশের সুলতানা, নাহিদা ও ফারিহা একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তোলে বাংলাদেশ। কিন্তু সপ্তম ওভারে দিলারা (২৩) আউট হতেই পথ হারায় স্বাগতিকরা। ওয়ানডাউনে নামা শারমিন আক্তার শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তাঁর ৪৭ বলে ৪৪ রানের ইনিংসটি ছিল বড্ড ধীরগতির। জুয়াইরিয়া করেন ২৯ রান।
অধিনায়ক হিসেবে বাংলাদেশের রেকর্ড ৬৬তম টি-টোয়েন্টি খেলতে নামা নিগার সুলতানা জ্যোতি মাত্র ৭ রান করে বিদায় নেন। সোবহানা মোস্তারি রানের খাতাই খুলতে পারেননি। শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৮ রান, কিন্তু লঙ্কান স্পিনার কাভিশা দিলহারির তোপে পড়ে বাংলাদেশ সেই লক্ষ্য থেকে অনেক দূরেই থেমে যায়। মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কাভিশা।
সংক্ষিপ্ত স্কোর:
- শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৪/৪ (হার্শিথা ৪৯, আতাপাত্তু ৪২, ইমেশা ২৭; তৃষ্ণা ১/২৩, সুলতানা ১/২১)
- বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/৫ (শারমিন ৪৪*, জুয়াইরিয়া ২৯, দিলারা ২৩; কাভিশা ২/১৫)
- ফল: শ্রীলঙ্কা ২১ রানে জয়ী।
- সিরিজ: ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে এগিয়ে।