জেডেন লেনক্সের একটি ঝুলিয়ে দেওয়া ডেলিভারি, আর তাতেই কেল্লাফতে! ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট শট খেলতে চেয়েছিলেন সাইফ হাসান, কিন্তু টাইমিং হলো না। উল্টো দিক থেকে দৌড়ে এসে বলটি তালুবন্দি করলেন টিম রবিনসন। আর সেই সাথে রেকর্ড বইয়ে নাম উঠে গেল কিউই স্পিনার লেনক্সের।
শনিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে অভিষেক ক্যাপ পেয়েছিলেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। আর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে অভিষেকটাকে স্মরণীয় করে রাখলেন তিনি। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে প্রথম বলেই উইকেটের স্বাদ পেলেন লেনক্স।
আশ্চর্যের বিষয় হলো, লেনক্সের আগে যে দুজন কিউই বোলার এই কীর্তি গড়েছিলেন, দুবারই প্রতিপক্ষ ছিল এই বাংলাদেশ! ২০১৭ সালে লকি ফার্গুসন আউট করেছিলেন সাব্বির রহমানকে আর ২০২১ সালে মিরপুরে নাঈম শেখকে ফিরিয়েছিলেন অফ স্পিনার কোল ম্যাককননি।
বাংলাদেশের হয়ে এই অনন্য উচ্চতায় পৌঁছাতে পেরেছেন কেবল একজন—তাইজুল ইসলাম। ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম বলেই ব্রেন্ডন টেলরকে আউট করেছিলেন তিনি। তবে টি-টোয়েন্টিতে তাইজুলের ক্যারিয়ার ওই দুটি ম্যাচেই থমকে আছে, আর প্রথম বলের সেই উইকেটটিই হয়ে আছে এই ফরম্যাটে তাঁর একমাত্র শিকার।
লেনক্সকে নিয়ে এখন পর্যন্ত মোট ২৯ জন বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট পাওয়ার স্বাদ পেলেন। এই তালিকার শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রোভিচ, ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই। এমনকি ক্যারিয়ারের প্রথম দুই বলেই উইকেট নেওয়ার কীর্তি আছে কেবল ক্যাসপ্রোভিচ ও ফার্গুসনের।
তবে এই তালিকার সবচেয়ে চমকপ্রদ নামটি হলো বিরাট কোহলি। ব্যাটিং ঈশ্বর কোহলি ২০১১ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ডেলিভারিতেই কেভিন পিটারসেনকে স্টাম্পড করেছিলেন। মজার ব্যাপার হলো, কোহলির সেই বলটি ছিল ‘ওয়াইড’! অর্থাৎ, কোনো বৈধ ডেলিভারি করার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের খাতা খুলেছিলেন এই ভারতীয় তারকা।