২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এবারের বিশ্বকাপে কেন বাংলাদেশ ছিল না—সেই বিষয়টি সরকার খতিয়ে দেখবে। সেই ঘোষণার প্রেক্ষিতেই এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলো।
তদন্ত কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারকে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যা। কমিটির অপর সদস্য হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, যাকে এনএসসির প্রজ্ঞাপনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কমিটিকে বলা হয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করার পেছনের কারণগুলো বিস্তারিত পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করতে।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।