একই মঞ্চে দুটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অর্থ পুরস্কারে ভূষিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সাফল্যের এই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ নারী হকি ও কাবাডি দল। সম্প্রতি আন্তর্জাতিক দুটি টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। বিমানবাহিনীর ফ্যালকন হলে শনিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সফল দুই দলের হাতে সর্বমোট অর্ধকোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের টিকিট কেটেছে বাংলাদেশ নারী হকি দল। ঐতিহাসিক এই অর্জনের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিওকে এক লাখ টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া দলের মূল স্পন্সর ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকেও খেলোয়াড়দের আরও এক লাখ টাকা করে বাড়তি বোনাস দেওয়া হয়।
অন্যদিকে, সদ্য সমাপ্ত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককেও এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান।
এমন রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার পেয়ে আবেগাপ্লুত কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এই পুরস্কার ও সম্মাননা মাঠের ভেতর তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামীতে বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে পুরো দল জানপ্রাণ দিয়ে লড়ে যাবে।
আর্থিক এই সম্মাননা পাওয়ার পর অলিম্পিকের বড় স্বপ্ন চোখে আঁকছেন নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল। তিনি জানান, ভবিষ্যতে দেশের হয়ে অলিম্পিকের মঞ্চে খেলতে চান তারা।