চ্যাম্পিয়নস লিগে নিজেদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে রেয়াল মাদ্রিদের। তবে এই কঠিন পরিস্থিতির মাঝেও চলতি মৌসুমে শিরোপা জয়ের একমাত্র আশার আলো এখানেই দেখছেন দলটির বড় তারকা জুড বেলিংহ্যাম।
ঘরের মাঠে প্রথম লেগে হেরে নিজেরাই নিজেদের খাদের কিনারায় ঠেলে দিয়েছে রেয়াল। এখন বায়ার্ন মিউনিখের মতো দলের মাঠে গিয়ে ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে আনা যে পাহাড়সম চ্যালেঞ্জ, তা ভালোভাবেই বুঝতে পারছেন বেলিংহ্যাম। তবে মাদ্রিদ সমর্থকদের জন্য আশার কথা হলো, এই ইংলিশ মিডফিল্ডার বিশ্বাস করেন যে রেয়াল আরও একবার তাদের সেই চিরচেনা ‘কামব্যাক’-এর গল্প লিখতে পারবে।
কোয়ার্টার-ফাইনালের প্রথম দেখায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে হেরেছে রেয়াল। বুধবার রাত ১টায় (বাংলাদেশ সময়) বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে বাঁচা-মরার ফিরতি লেগ। বায়ার্নের কাছে সেই হারের আগে-পরে লা লিগাতেও টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। হঠাৎ করেই যেন নিজেদের চেনা ছন্দ হারিয়ে ফেলেছে ‘লস ব্লাঙ্কোস’রা। রক্ষণের ভুল, মাঝমাঠের সমন্বয়হীনতা আর আক্রমণে ধার কমে যাওয়া—সব মিলিয়ে বেশ চাপে আছে দলটি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বেলিংহ্যাম নিজেদের দায় স্বীকার করে নিয়ে বলেন, “আমার মনে হয় কাজটা খুব কঠিন হবে। আমরা যে আজ স্কোরবোর্ডে পিছিয়ে আছি, তার দায় সম্পূর্ণ আমাদেরই। লড়াইটা দীর্ঘ ও কঠিন হবে, তাই আমাদের মানসিকভাবে খুব শক্ত থাকতে হবে।”
বেলিংহ্যামের মতে, এই ম্যাচটি তাদের কাছে এখন ফাইনালের মতো। তিনি আরও যোগ করেন, “যেকোনো হারই বড় ধাক্কা, আর আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তাতে হারার কোনো জায়গা নেই। আমাদের অনেক কিছু হারানোর ভয় আছে, তাই ভালো খেলার বিকল্প নেই। আমরা বিশ্বাস করি যে আমরা জিততে পারব, কারণ জেতা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই।”
লা লিগায় শিরোপার দৌড় থেকে বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়ে রেয়াল কার্যত ছিটকে গেছে বললেই চলে। কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে অনেক আগে। তাই খালি হাতে মৌসুম শেষ করার লজ্জা এড়াতে চ্যাম্পিয়নস লিগই এখন তাদের একমাত্র ভরসা। বেলিংহ্যাম সাফ জানিয়ে দিলেন, “লিগের পরিস্থিতি আর কোপা দেল রে-র বিদায়ের পর এই ম্যাচটি আমাদের জন্য ফাইনালের সমান। আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেই মৌসুম শেষ করতে চাই। শিরোপার জন্য আমরা আমাদের জানপ্রাণ দিয়ে লড়ব।”