বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন ভেসোঁ কম্পানি। তবে চার ম্যাচ হাতে রেখে লিগ জয় নিশ্চিত করার পরও খুব একটা গা ভাসিয়ে দিচ্ছেন না এই বেলজিয়ান কোচ। কারণ, তাঁর লক্ষ্যটা এখন আরও বড়—মৌসুমের বাকি দুটি শিরোপাও ঘরে তুলে ‘ট্রেবল’ পূর্ণ করতে চান তিনি।
রোববার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় ও গত ১৪ মৌসুমে ১৩তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা। তবে এমন দাপুটে জয়ের পরও বায়ার্ন শিবিরে খুব একটা আড়ম্বরপূর্ণ উদযাপন দেখা যায়নি।
ম্যাচ শেষে নিজের স্বপ্নের কথা জানিয়ে কম্পানি বলেন, “মৌসুম এখনও শেষ হয়ে যায়নি। জেতার মতো আরও অনেক কিছু বাকি। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সামনে পিএসজি, যারা বর্তমান চ্যাম্পিয়ন এবং সম্ভবত আমাদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তবে তার আগে আমাদের নজর বায়ার লেভারকুজেনের দিকে।”
তিনি আরও যোগ করেন, “আমি এখানেই থেমে থাকতে চাই না। সামনে শিরোপা নির্ধারণী কয়েক সপ্তাহ আসছে। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। লড়াইটা কতটা কঠিন হবে তা জানি, তবে আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে।”
আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে লড়াই করবে কম্পানির শিষ্যরা। ২০২০ সালে বায়ার্ন শেষবার চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপ জিতেছিল, এবারও সেই সোনালী স্মৃতি ফিরিয়ে আনতে মরিয়া ক্লাবটি।
টমাস টুখেলের বিদায়ের পর ২০২৪ সালে দায়িত্ব নিয়ে বায়ার্নকে আমূল বদলে দিয়েছেন কম্পানি। তাঁর অধীনে ইতোমধ্যে বুন্ডেসলিগার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ১০৯টি গোল করার নতুন রেকর্ড গড়েছে বায়ার্ন, যা আগের ১০১ গোলের রেকর্ডকে অনেক পেছনে ফেলে দিয়েছে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই মানসিকতা বজায় রেখে বাকি টুর্নামেন্টগুলোতেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।