স্প্যানিশ সংবাদমাধ্যমে হুলিয়ান আলভারেসকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন নতুন কিছু নয়। তবে সোমবার সেই আলোচনা যেন নতুন এক মাত্রা পেয়েছে। ইএসপিএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর সম্ভাবনা নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে খুব একটা মুখ খুলতে রাজি নন আলভারেস।
বার্সেলোনার মূল স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির বয়স এখন ৩৭, আর ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে কাটেনি ধোঁয়াশা। ইএসপিএন জানিয়েছে, কোচ হান্সি ফ্লিক আক্রমণভাগে একজন তরুণ ‘নাম্বার নাইন’ চাইছেন। বিশেষ করে আগামী মৌসুমে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে আলভারেসকে যুক্ত করে এক বিধ্বংসী আক্রমণ ত্রয়ী গড়ার পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো। তার আগে সংবাদ সম্মেলনে দলবদলের বিষয়ে প্রশ্ন করা হলে ২৬ বছর বয়সী আলভারেস বলেন, “সোশ্যাল মিডিয়ায় যা বলা হয়, তার সবগুলোর উত্তর দেওয়া বা অস্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। সেখানে মিথ্যার স্তূপ জমে থাকে। আমি বরং সুস্থ থেকে দলকে সাহায্য করার জন্য নিজের শক্তি সঞ্চয় করতে চাই।”
তিনি আরও যোগ করেন, “প্রতি সপ্তাহেই নতুন কোনো খবর সামনে আসে। এখন আমরা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি, তাই এসব গুজব নিয়ে মাথা ঘামিয়ে আমি শক্তি অপচয় করতে চাই না।”
তবে আলভারেসকে পাওয়া বার্সেলোনার জন্য মোটেও সহজ হবে না। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে বিশাল অঙ্কে আতলেতিকোয় আসা এই তারকার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো। এছাড়া ২০৩০ সাল পর্যন্ত তাঁর সাথে চুক্তি আছে মাদ্রিদ ক্লাবটির। এমনকি গুঞ্জন আছে, আলভারেসকে ধরে রাখতে চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিতে পারে আতলেতিকো। অন্যদিকে, বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতি এবং লা লিগার কড়া নিয়মকানুন এই দলবদলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।