আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি, অথচ ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। বরং সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। এই সংকট নিরসনে ফিফার শীর্ষ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা।
গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে অংশ নিতে গিয়েও বিপাকে পড়েন ইরানি প্রতিনিধিরা। টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অগ্রহণযোগ্য আচরণের’ কারণে ক্ষুব্ধ হয়ে তারা দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর শুক্রবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, “ফিফার সঙ্গে আমাদের অনেক অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার আছে। আমাদের সিদ্ধান্ত হলো, খুব দ্রুতই আমরা তাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসব।”
ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানি প্রতিনিধি দলকে আগামী ২০ মে’র মধ্যে জুরিখের সদর দপ্তরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
ইরানের বিশ্বকাপ যাত্রা মূলত থমকে আছে রাজনৈতিক জটিলতায়। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে অনিশ্চয়তার শুরু। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল। তবে ফিফা সেই দাবি নাকচ করে দিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কংগ্রেসের ফাঁকেও স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানকে বিশ্বকাপ খেলতে হলে যুক্তরাষ্ট্রেই যেতে হবে।
এবারের বিশ্বকাপে ইরান সরাসরি জায়গা করে নিয়েছে এবং ‘জি’ গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হওয়ার কথা। তবে জুরিখের বৈঠকের ওপরই এখন নির্ভর করছে শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে।