শুরুতে লিড নিয়ে জয়ের স্বপ্ন জাগালেও শেষ পর্যন্ত নিজেদের ছোট ছোট ভুলের চড়া মাশুল দিতে হলো অর্পিতা-রিয়াদের। জাকার্তায় ইতিহাস গড়ার দারুণ সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশ নারী হকি দলের। এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে চাইনিজ তাইপের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল-সবুজদের।
ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইটা ছিল সমানে সমান। এই চাইনিজ তাইপের সঙ্গেই ৫-৫ ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে মেয়েরা। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে প্রথমবারের মতো বাছাইয়ের ফাইনালে ওঠার পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলাও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। লক্ষ্য ছিল প্রথমবারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু কিছু রক্ষণভাগ আর গোলকিপারের ভুলে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পালের নিখুঁত শটে এগিয়ে যায় দল। প্রথম কোয়ার্টারে চাইনিজ তাইপের সব আক্রমণ রুখে দিয়ে লিড ধরে রেখেছিল নিলাদ্রীরা।
তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ছন্দপতন ঘটে। ডান দিক থেকে বাইলাইনের ওপর আসা একটি ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নিলাদ্রী নীলা। সেই সুযোগে বল জালে জড়িয়ে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান ওয়াং ইউ-চিউই। অভাবনীয় এই ভুলের হতাশায় ভেঙে পড়তে দেখা যায় মহুয়াদের।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোলকিপারকে কাটিয়ে দারুণ এক হিটে লক্ষ্যভেদ করেন মাও ই-হুসুয়ান। ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৪০তম মিনিটে গোলকিপার হিমাদ্রীর এক ভুলে ম্যাচ পুরোপুরি চাইনিজ তাইপের নিয়ন্ত্রণে চলে যায়। অকারণে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা হিমাদ্রীকে ফাঁকি দিয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন হুয়ান ইউ-টিং।
চতুর্থ কোয়ার্টারে মরিয়া হয়ে আক্রমণ চালালেও অভিজ্ঞ চাইনিজ তাইপের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করা এই নারী দলের জন্য এক বিশাল অর্জন।