আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ও পুরুষ দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইপিলিয়ন গ্রুপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাথে ইপিলিয়ন গ্রুপ ও তাদের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চলতি মাসের ২৯ মে জাপানে শুরু হতে যাওয়া এই আসরের জন্য ইপিলিয়ন গ্রুপ এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। এই অর্থ খেলোয়াড়দের যাতায়াত, আবাসন, খাবার, উন্নত মানের সরঞ্জাম এবং প্রশিক্ষণের পেছনে ব্যয় করা হবে। স্পন্সরশিপের অংশ হিসেবে জাতীয় দলের জার্সি, ট্রাউজার ও অন্যান্য পোশাকে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো শোভা পাবে।
সেইলর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল কবির বলেন, “আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া তরুণ হকি খেলোয়াড়দের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সহায়তা কেবল আর্থিক নয়, বরং দেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি অংশ।”
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ইপিলিয়ন ও সেইলর-এর এই সময়োপযোগী সহায়তা আমাদের বয়সভিত্তিক দলের প্রস্তুতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে আরও বেশি অনুপ্রাণিত হবে।”