দলকে চাঙ্গা করতেই হয়তো ম্যাচের আগে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন পেপ গুয়ার্দিওলা। বলেছিলেন, ‘পয়েন্ট হারালেই সব শেষ’। কিন্তু সেই কড়া বার্তাতেও কাজ হলো না। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হলো ম্যানচেস্টার সিটি। তবে মাঠের ফল যা-ই হোক, শিরোপার আশা কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়? প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর পর এই স্প্যানিশ কোচ এবার শোনালেন আশার বাণী। তার মতে, লড়াই এখনও শেষ হয়ে যায়নি।
শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি সিটি। অসংখ্য সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এর আগের ম্যাচেও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুবার এগিয়ে গিয়ে ২-২ গোলে ড্র করেছিল গুয়ার্দিওলার শিষ্যরা।
সিটির এই হোঁচট খাওয়ার দিনে এভারটনকে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। বর্তমানে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার উপরে গানাররা। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬১। অর্থাৎ ব্যবধান এখন ৯ পয়েন্টের। তবে আশার আলো হয়ে আছে আগামী মাসে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে সেই হাইভোল্টেজ ম্যাচটি।
তাই তো শিরোপা দৌড়ে নিজেদের সম্ভাবনা এখনও দেখছেন গুয়ার্দিওলা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “শিরোপার লড়াই এখনও শেষ হয়ে যায়নি। আমরা হারিনি, হালও ছাড়িনি। আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
কঠিন সমীকরণ মেনে নিয়েও তিনি যোগ করেন, “লড়াইটা এখন আমাদের জন্য খুব কঠিন। তবে আমাদের হাতে একটা ম্যাচ বেশি আছে এবং আর্সেনালের বিপক্ষে খেলাটা আমাদের নিজেদের মাঠে। আমি বলছি না ঘরের মাঠে তাদের হারানো খুব সহজ হবে, কিন্তু জেতার আশা তো অবশ্যই আছে। সবসময় আত্মবিশ্বাসী থাকতে হয়।”
পয়েন্টের ব্যবধানটা অনেক বড় হলেও হাল ছাড়তে রাজি নন এই মাস্টারমাইন্ড। তার ভাষায়, “৯ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে দেওয়া অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যেদিন গাণিতিকভাবে আর সম্ভব হবে না, সেদিন চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাব। কিন্তু তার আগ পর্যন্ত আমরা লড়াই ছাড়ছি না।”