রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগাল বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল তারা। গেতাফেকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিল হান্সি ফ্লিকের দল। লা লিগায় এখন ৫ ম্যাচ বাকি থাকতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে ফের্মিন লোপেস দলকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করেন মার্কাস র্যাশফোর্ড। এই জয়ের পর ৩৩ ম্যাচে ২৮ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৮৫। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ইনজুরির কারণে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার অনুপস্থিতিতে বার্সেলোনার আক্রমণভাগ কিছুটা ছন্নছাড়া ছিল। প্রথমার্ধে প্রায় ৭৮ শতাংশ সময় বল দখলে রাখলেও গেতাফের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। এমনকি বিরতির আগে বার্সেলোনা মাত্র একটি শট লক্ষ্য রাখতে পেরেছিল এবং সেটিই জালে জড়ায়।
ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বার্সা, তবে চতুর্থ মিনিটে পেদ্রির ক্রসে রবের্ত লেভানদোভস্কির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১২তম মিনিটে উল্টো বিপদে পড়তে পারত চ্যাম্পিয়নরা; গেতাফের মাউরো আরামবারির হেড ডিফেন্ডার জুল কুন্দের মাথায় লেগে কর্নার হয়ে গেলে বেঁচে যায় তারা।
৪৫তম মিনিটে ডেডলক ভাঙেন ফের্মিন লোপেস। মাঝমাঠে পাউ কুবার্সির দুর্দান্ত ট্যাকলে বল পেয়ে পেদ্রি এক রক্ষণচেরা পাস দেন, আর সেই বল ধরে নিখুঁত কোণাকুণি শটে গোল করেন লোপেস। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে দানি ওলমো এবং ৬৪ মিনিটে জেরার্দ মার্তিনের দুটি প্রচেষ্টা গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া রুখে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত।
৭৪তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন র্যাশফোর্ড। লেভানদোভস্কির বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। শেষ দিকে মার্ক কাসাদো সহজ সুযোগ মিস না করলে ব্যবধান ৩-০ হতে পারত।