BN

শামিকে নিয়ে আলোচনাও হয়নি, জানালেন প্রধান নির্বাচক আগারকার

শামিকে নিয়ে আলোচনাও হয়নি, জানালেন প্রধান নির্বাচক আগারকার

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের দলেও জায়গা পাননি এই অভিজ্ঞ পেসার। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, এবারের দল গঠনের আলোচনায় শামির নামটাই নাকি ছিল না!

ভারতের জার্সিতে শামি সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই টুর্নামেন্টে বরুণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে দলের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে আসর শুরু করার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩টি উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি পেসার। তবে ফাইনালে ৯ ওভারে ৭৪ রান দিয়ে বসার পর থেকে আর জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ পাননি তিনি।

অথচ ঘরোয়া ক্রিকেটে ৩৫ বছর বয়সী শামি কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির সর্বশেষ মরসুমে বাংলাকে সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান ছিল তাঁর। মাত্র ৭ ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭টি উইকেট শিকার করে দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

শুধু লাল বলেই নয়, টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতেও বল হাতে আলো ছড়িয়েছেন শামি। এমনকি চলতি আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১০টি উইকেটও নিয়েছেন তিনি।

স্বাভাবিকভাবেই শামিকে দলে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট মহলে জোর আলোচনা চলছিল। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে তাঁর দলে থাকার উজ্জ্বল সম্ভাবনাও দেখছিলেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকে। কিন্তু আগারকার জানালেন, শামিকে এখন টেস্ট ও ওয়ানডের মতো দীর্ঘ সংস্করণের জন্য পুরোপুরি প্রস্তুত মনে করছে না টিম ম্যানেজমেন্ট।

প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, “আমাদেরকে মেডিকেল টিম থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে তাঁর শরীর কেবল টি-টোয়েন্টি খেলার মতো অবস্থায় আছে। আমি জানি, এই বছর সে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছে। তবে আমি যে তথ্য পেয়েছি, তা হলো এই মুহূর্তে সে কেবল টি-টোয়েন্টি খেলার জন্যই পুরোপুরি ফিট। তাই স্বাভাবিকভাবেই ওয়ানডে বা টেস্টের দলে তাকে নিয়ে আমাদের মাঝে কোনো আলোচনাই হয়নি।”

আগামী ৬ জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ভারতের একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে যথাক্রমে ১৩, ১৭ ও ২০ জুন।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,

ফুটবল

কয়েক দিন ধরে হঠাৎ করেই ম্যানচেস্টার সিটি ঘিরে একটা খবর