BN

পরিসংখ্যানে স্পষ্ট বাংলাদেশ ও পাকিস্তানের বিপরীতমুখী যাত্রা

পরিসংখ্যানে স্পষ্ট বাংলাদেশ ও পাকিস্তানের বিপরীতমুখী যাত্রা

লাল বলের ক্রিকেটে বাংলাদেশ আর পাকিস্তান যেন দুটি ভিন্ন দুই মেরুর পথ

লাল বলের ক্রিকেটে বাংলাদেশ আর পাকিস্তান যেন দুটি ভিন্ন দুই মেরুর পথ ধরেছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আরেকটি দুর্দান্ত সিরিজ শেষ করল বাংলাদেশ দল, যা পাকিস্তানিদের বর্তমান ভঙ্গুর দশাকে আরও একবার ক্রিকেট বিশ্বের সামনে স্পষ্ট করে দিল।

সিলেটের মাঠে বুধবার প্রথম সেশনেই জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। ৭৮ রানের এই জয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল তারা। এর আগে প্রথম টেস্টেও বাংলাদেশ জিতেছিল একশর বেশি রানের ব্যবধানে। টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখার পর দীর্ঘ সময় ব্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশ দল অবশেষে সাফল্যের চাবিকাঠি খুঁজে পেয়েছে। অন্যদিকে, ঐতিহ্যবাহী পাকিস্তান দল যেন এই সংস্করণে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছে।

দুই দলের এই বিপরীতমুখী যাত্রা আরও ভালোভাবে বোঝা যাবে মাঠের কিছু পরিসংখ্যানের দিকে তাকালে:

৪-০

পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ দুই সিরিজের চার টেস্টের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোর পর, এবার ঘরের মাঠেও সেই একই ফলের পুনরাবৃত্তি করল টাইগাররা।

টেস্ট ইতিহাসে বাংলাদেশ মাত্র দ্বিতীয় দল, যারা পাকিস্তানকে টানা দুটি বা তার বেশি ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাল। এর আগে ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে পাকিস্তানকে টানা চার সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশের কাছেই প্রথম দল হিসেবে টানা সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তেতো স্বাদ পেল পাকিস্তান।

নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম টানা চারটি ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজের আগে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট জিতেছিল তারা। এছাড়া ঘরের মাঠেও এটি টানা পঞ্চম টেস্ট জয়, যা দেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক সাফল্য।

বিপরীতে, দেশের বাইরে সবশেষ সাত টেস্টেরই সবকটিতে হেরেছে পাকিস্তান। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যেও ঘরের বাইরে টানা সাত টেস্ট হেরেছিল তারা। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তানই একমাত্র দল, যারা দেশের বাইরে একটি টেস্টও জিততে পারেনি।

এই সিরিজে দুইবারই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান এবং দুবারই তারা হেরেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো সিরিজে প্রথমে বোলিং নিয়েও দুটি ম্যাচে হারল তারা।

অন্যদিকে, টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাচ জেতার রেকর্ড বাংলাদেশের খুব একটা ছিল না। এই সিরিজের আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ কেবল দুটি টেস্ট জিতেছিল—২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে।

১২

পাকিস্তানের অধিনায়ক হিসেবে ১৬ টেস্টের ১২টিতেই হারের মুখ দেখলেন শান মাসুদ। দেশটির ইতিহাসে অধিনায়ক হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ১৯টি টেস্ট হেরেছেন মিসবাহ-উল-হক, তবে সেটি ছিল ৫৬ ম্যাচে।

সব মিলিয়ে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ১৬ টেস্টে মাসুদের চেয়ে বেশি (১৩টি করে) হেরেছেন কেবল ব্রেন্ডন টেইলর ও সাকিব আল হাসান। বাংলাদেশের হাবিবুল বাশারের নেতৃত্বেও দল প্রথম ১৬ টেস্টের ১২টি হেরেছিল।

টেস্ট অধিনায়ক হিসেবে অষ্টম জয় তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। আর তাতেই মুশফিকুর রহিমকে (৭টি জয়) টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক এখন শান্ত। ঘরের মাঠেও অধিনায়ক হিসেবে এটি শান্তর ষষ্ঠ জয়, যেখানে মুশফিকের জয় ছিল ৫টি।

টেস্ট ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করার কীর্তি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো গড়লেন লিটন কুমার দাস। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল ও শান্তরও এই রেকর্ড আছে তিনবার করে।

মজার ব্যাপার হলো, এই তিন ম্যাচেই লিটন ব্যাট করেছেন ছয় বা তার নিচের পজিশনে এবং প্রতিবারই উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে সর্বোচ্চ পাঁচবার এই কীর্তি গড়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

১৪

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে টেস্ট ক্রিকেটে নিজের ১৪তম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। এর মাধ্যমে তিনি মুমিনুল হককে (১৩টি) ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন।

টেস্টে পঞ্চম বা তার নিচের উইকেটে লিটন ও মুশফিক জুটি এ পর্যন্ত সাতবার শতরানের জুটি গড়েছেন। এই তালিকায় তাদের ওপরে আছেন কেবল ইংল্যান্ডের জো রুট ও বেন স্টোকস জুটি।

সর্বশেষ সংবাদ

সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ শিবিরের

টেস্ট ক্রিকেটে গত ২৬ বছরের পথচলায় এবারের দলটাই কি

তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, রাগে-ক্ষোভে

ফুটবল

সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ শিবিরের ব্যস্ততাও

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে গত ২৬ বছরের পথচলায় এবারের দলটাই কি বাংলাদেশের

ক্রিকেট

তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, রাগে-ক্ষোভে নিজের

ক্রিকেট

পুরস্কারটা অনায়াসেই পেতে পারতেন তাইজুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ের জন্য বিবেচনা