আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মানতে নারাজ লিওনেল মেসি। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা মনে করেন, শিরোপার দৌড়ে তাঁদের চেয়ে অন্য কয়েকটি দল বেশ খানিকটা এগিয়ে আছে।
দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে মেসির জাদুকরী নেতৃত্বেই কাতার বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে। শিরোপা ধরে রাখার নতুন মিশন শুরু হতে বাকি আর মাত্র মাসখানেক। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ৩৮ বছর বয়সী মেসি নিজে মাঠে নামবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো আভাস মেলেনি।
সম্প্রতি একটি পডকাস্টে আলাপকালে মেসি দলের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, “আর্জেন্টিনা দল এখন ভালো অবস্থানে আছে। যদিও অনেক খেলোয়াড় চোট ও ম্যাচ ফিটনেস নিয়ে লড়াই করছে, কিন্তু আমাদের দলটা দারুণ ঐক্যবদ্ধ। এই দলটা সবসময় জিততে চায় এবং লক্ষ্যের জন্য জানপ্রাণ দিয়ে লড়ে—এটা প্রমাণিত। প্রতিটি টুর্নামেন্টের আগে আর্জেন্টাইনরা যেমন রোমাঞ্চিত থাকে, এবারও তেমনটা হওয়া স্বাভাবিক।”
তবে বাস্তবতা মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, “আমাদের মেনে নিতে হবে যে, আমাদের চেয়ে এগিয়ে থাকা আরও দল আছে, যারা দল হিসেবে বর্তমানে আমাদের চেয়ে ভালো ছন্দে আছে।”
মেসি স্পষ্ট জানিয়েছেন, কাতার বিশ্বকাপের মতো এবারের আর্জেন্টিনা দল ফেভারিট হিসেবে শুরু করছে না। তবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য যে তারা মাঠের সবটুকু উজাড় করে দেবেন, সেই বিশ্বাস তাঁর অটুট। তাঁর মতে, ফ্রান্স আবারও খুব শক্তিশালী রূপে ফিরছে। এ ছাড়া স্পেন, ব্রাজিল, জার্মানি ও ইংল্যান্ডকেও শিরোপার দাবিদার মানছেন তিনি। এমনকি পর্তুগালের বর্তমান দলটিকেও বেশ ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করেন মেসি।